দুর্যোগে যোগাযোগে লো অরবিট স্যাটেলাইটসহ নানা সুপারিশ

৬ ডিসেম্বর, ২০২২ ০২:২৫  
কেবল ৩জি, ৪জি বা ৫জি নয়; দুর্যোগে ‘লো অরবিট স্যাটেলাইট’ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন টেলিকম বিশেষজ্ঞরা। এছাড়াও এক্টিভ শেয়ারিং চালু, নতুন লাইসেন্স না দিয়ে বিদ্যমান সেবাদাতাদের মাধ্যমেই কার্য সম্পাদনে সুপারিশ করেছেন তারা। সোমবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে অনুষ্ঠিত কর্মশালায় এমন নানা প্রস্তাব দেন তারা। চারটি বিভাগে বিভক্ত হয়ে আলোচনা শেষে সুস্পষ্ট সুপারিশ তুলে ধরেন খাত সংশ্লিষ্টরা। অবশ্য এরইমধ্যে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি ১৬টি লো অরবিট স্যাটেলাইট উৎক্ষেপনের বিষয়ে কাজ শুরু করেছে। এ নিয়ে টেলিযোগাযোগ সচিব জানিয়েছেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট ২ এর মাধ্যমে দুর্যোগে যোগাযোগ নিরব্চ্ছিন্ন রাখতে কাজ করছে টেলিযোগাযোগ বিভাগ। দূর্যোগকালীন দূর্গত এলাকায় টেলিযোগাযোগ সেবা সচল রাখতে জাতীয় জরুরি টেলিযোগাযোগ সিস্টেম স্থাপন নিয়ে অনুষ্ঠিত এই কর্মশালা সঞ্চালনা করেন বিটিআরসি‘র সিস্টেমস এন্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাসিম পারভেজ। এর আগে তিনি কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন তিনি। এছাড়াও অংশীজনদের প্রশ্নের জবাবে নাসিম পারভেজ জানান, দুর্যোগের সময় স্যাটেলাইট ফোন ব্যবহারের পরিকল্পনা করছে সরকার। এর আগে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো: খলিলুর রহমানের সভাপতিত্বে বিটিআরসির প্রধান সম্মেলন কক্ষে কর্মশালার উদ্বাধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ছিলেন বিটিআরসি‌‌র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আব্দুল ওয়াদুদ এবং আর্মড ফোর্সেস ডিভিশেনর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হোসাইন মোহাম্মদ মশিহুর রহমান। কর্মশালায় অংশ নেন সরকারি বিভিন্ন মন্ত্রণলায় ও সংস্থার প্রতিনিধি, সশস্ত্র বাহিনী, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কর্মশালার সমাপনী পর্বে বক্তব্য রাখেন বিটিসিএল এমডি ড. মোহাম্মাদ রফিকুল মতিন, অতিরিক্ত সচিব মাবুবুল আলম, বিটিআরসি’র কমিশনার প্রকৌশলী শেখ রিয়াজ আহমেদ বক্তব্য রাখেন।